বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা (৩৫) এবং তাঁদের সন্তান সিয়াম (১৯)।
আজ মঙ্গলবার (১৬ জুন) কুমিল্লার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়েছে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হন। ঘটনার পরপরই তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন প্রথমে মারা যান সুলতানা। এরপর গতকাল সোমবার (১৫ জুন) ভোরে স্বামী আব্দুল মান্নান এবং এর মাত্র পাঁচ ঘণ্টা পর ছেলে সিয়াম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এই ঘটনায় পরিবারের আরেক সদস্য, ১৩ বছর বয়সী শিশু মিম ৪১ শতাংশ দগ্ধ শরীর নিয়ে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। একই সঙ্গে চিকিৎসাধীন রয়েছে প্রতিবেশী শিশু হযরত আলীও।
দুর্ঘটনার বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ওই বাড়িটিতে তিতাস গ্যাসের লাইনের পাশাপাশি সিলিন্ডার গ্যাসের সংযোগও ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতে রান্নাঘরে জমে থাকা গ্যাসে সকালে আগুন ধরাতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।