প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সড়ক পথে যাবার সময় তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ গাড়িতে পার হবেন।
দলীয় সূত্র জানায়, সফরের দিন মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবেন। এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সকাল সাড়ে সাতটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মাদানীনগর মাদ্রাসা পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেবেন।
অন্যদিকে মহানগর বিএনপির নেতাকর্মীরা মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রাপথে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছেন।
সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পৃথকভাবে অবস্থান নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে কাঁচপুর, মোগরাপাড়া, মদনপুর, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাট এলাকায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যান্য এমপি ও নেতারাও নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারাও সংবর্ধনা জানাতে অনুসারী নেতা-কর্মীদের সড়কে অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন দলটির নেতা-কর্মীরা।
দলীয় নেতারা জানান, যাত্রাপথে শৃঙ্খলাবদ্ধভাবে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেবেন।