নারায়নগঞ্জসহ দেশের ৩ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। এই জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি ও
পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।