সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়নগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশুর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার(২০ আগষ্ট) রাতে ফতুল্লা রেলস্টেশন ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশুর বড় ভাই মোহাম্মদ লিয়াকাতুল হক বাদী হয়ে ফতুল্লা মডেল থানার অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে আমার ছোট ভাই আশরাফুল হক আশু আমার মাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ফলে আমি ও আমার স্ত্রী বাসায় একা থেকে যাই। এক পর্যায়ে রাত অনুমান ১১.৫০ ঘটিকার সময় আমি ও আমার স্ত্রী ঘুমাইয়া পরি। ভোর রাত অনুমান ৩.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা আমার বাড়ির তিন তলার জানালা খোলা পাইয়া তাহার মাধ্যমে অত্যন্ত কৌশলে ঘরের দরজা খুলিয়া ঘরের ভিতরে প্রবেশ করে। অতঃপর অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীগণ আমার ঘরের আলমারীতে থাকা নগদ ১২ বারো হাজার টাকা ও ২.৮ (দুই ভরি আট আনা) ওজনের স্বর্নালংকার যাহার বাজার মূল্য-৬,১৬,০০০/- (ছয় লক্ষ ষোল হাজার) টাকা চুরি করিয়া আমার ঘর হইতে বাহির হওয়ার সময় অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীগণ আমার ঘরের দরজা বাহির হইতে ছিটকিনী লাগাইয়া দেয়। অতঃপর অজ্ঞাতনামা বিবাদীগন আমার মায়ের ঘরে প্রবেশ করে এবং সেথায় লোকজন না থাকার সুযোগ কাজে লাগাইয়া মায়ের ঘরে থাকা ষ্টিলের আলমারী খানা ভাঙ্গীয়া ফেলে এবং আলমারীতে থাকা ১২ ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার যাহার বাজার মূল্য-২৬,৪০,০০০/-(ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং নগদ অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চুরি করে। পরবর্তীতে অজ্ঞাতনামা চোর/চোরেরা লোভের বর্শ্ববর্তী হইয়া আরো মালামাল হাতানোর উদ্দেশ্যে আমার ছোট ভাই আশরাফুল হক আশুর ঘরে প্রবেশ করে এবং তাহার ঘরে থাকা ওয়্যার ড্রবের তালা ভাঙ্গিয়া ওয়্যার ড্রবের ড্রয়ারে থাকা অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চুরি করে। ফলে অজ্ঞাতনামা বিবাদীগণ সর্বমোট নগদ ৭,১২,০০০/- (সাত লক্ষ বারো হাজার) টাকা ও ১৪.৮ (চৌদ্দ ভরি আট আনা) ওজনের বিভিন্ন স্বর্নালংকার চুরি করিয়া অত্যন্ত কৌশলে বাসা হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে ইংরেজি ২১/০৮/২০২৬ তারিখ সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় আমাদের ঘুম ভাঙ্গার পর দরজা খুলিয়া বাহির হওয়ার চেষ্টা করিলেও দরজা খানা বাহির হইতে বন্ধ থাকায় ঘর হইতে বাহির হইতে না পারিয়া আমি নিজেই দরজা ভাঙ্গিয়া ঘর হইতে বাহির হইলে আমার মা ও ভাইয়ের ঘর লন্ডভন্ড অবস্থায় দেখতে পাই।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করেছে। চোরদের শনাক্তর চেষ্টা চলছে।