আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পঞ্চবটি-মুক্তারপুর সড়কে যান চলাচল চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড়ে ফ্লাইওভারের নির্মাণকাজ এবং পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণকাজের বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেগুলো সংশোধন এবং কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সুচারুভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।
এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পঞ্চবটি ফ্লাইওভার চাষাঢ়া মোড় পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দেন। তিনি বলেন, পঞ্চবটি-বিসিক এলাকা নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শত শত পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মালবাহী যানবাহন চলাচল করে। কিন্তু তীব্র যানজটের কারণে শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ সুপার বলেন, পঞ্চবটি ফ্লাইওভার চাষাঢ়া মোড় পর্যন্ত সম্প্রসারণ করা হলে নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিল্পাঞ্চলের পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতেও স্বস্তি ফিরবে।
পরিদর্শনকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।