• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে চড়-থাপ্পরের অভিযোগ কাজল ও মুন্নার মুক্তি দাবি করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে কর্মী নেবে ইতালি নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ীর ৯৮ লাখ টাকা পাওনার অভিযোগে সংবাদ সম্মেলন আইভীর আইনজীবী আটক সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ীর ৯৮ লাখ টাকা পাওনার অভিযোগে সংবাদ সম্মেলন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এ্যাম্পায়ার কটন নামের একটি প্রতিষ্ঠানের ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। পাওনা টাকা চাইতে গিয়ে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) রাসেল আহাম্মেদ এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, এ্যাম্পায়ার কটনের যৌথ মালিক রাইসান রোমান ও আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে গার্মেন্টস ব্যবসা পরিচালনা করছেন। ২০২০ সালে পরিচয়ের সূত্র ধরে আসাদুজ্জামান হিরু (৪৫) ও সাগর হোসাইন (৩২) প্রতিষ্ঠানটি থেকে নগদ ও বাকিতে গার্মেন্টস পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময়ে হিসাব-নিকাশ অনুযায়ী, তাঁদের কাছে প্রতিষ্ঠানটির ৯৮ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করা হয়।

প্রতিষ্ঠানটির অভিযোগ, পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও অভিযুক্তরা বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। এ ঘটনায় ২০২৫ সালে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর সন্ধ্যায় প্রতিষ্ঠানটি জানতে পারে, নিউ ইনডেক্স এক্সোসরিজ নামের আরেকটি প্রতিষ্ঠানেরও সাগর হোসাইন ও সংশ্লিষ্টদের কাছে প্রায় ৫ কোটি ৪৭ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করা হচ্ছে। পাওনা টাকা নিয়ে সমঝোতার বিষয়ে অক্টো অফিস এলাকার নীরজুম হাউজিং সোসাইটিতে সাগর উপস্থিত হলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে এ্যাম্পায়ার কটনের মালিক রাইসান রোমান ও আতিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেখানে যান। এ সময় পাওনা টাকা চাইলে সাগর হোসাইন টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা প্রথম আলো পত্রিকার চাকরিচ্যুত সাংবাদিক পরিচয়ে উল্লেখ করা গোলাম রব্বানী শিমুল টাকা দাবি করলে সংবাদ প্রকাশ এবং মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দেন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ সময় অন্য পাওনাদারদের সঙ্গেও তাঁর বাকবিতণ্ডা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, পরে পাওনার হিসাব-নিকাশ নিষ্পত্তির উদ্দেশ্যে সাগর হোসাইন স্বেচ্ছায় তাদের গাড়িতে করে এ্যাম্পায়ার কটনের কার্যালয়ে আসেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়। পরবর্তী সময়ে সাগরের অভিভাবকেরা বৈঠকে উপস্থিত হয়ে পাওনা টাকা পরিশোধের শর্তে তাঁকে নিয়ে যান। এ ঘটনায় বিকেএমইএ ও বিসিক গার্মেন্টস মালিক সমিতির নেতাদেরও অবহিত করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এদিকে, সৌরভ নামের এক ব্যক্তি ডেইলি স্টারের সাংবাদিক পরিচয়ে ফোন করে চাপ প্রয়োগের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাগর হোসাইনের বক্তব্যের ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছে এ্যাম্পায়ার কটন কর্তৃপক্ষ।

এ ছাড়া, অভিযোগের পরদিন ‘প্রেস নারায়ণগঞ্জ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন- ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার মানিক মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৪৫), একই এলাকার শরীফ উদ্দিন মেম্বারের ছেলে সাগর হোসাইন (৩২) এবং কুমিল্লার দেবিদ্বার থানার আমলাবাড়ী এলাকার শাহ আলমের ছেলে মো. গোলাম রব্বানী শিমুল (৩২)।

সংবাদ সম্মেলনে রাসেল আহাম্মেদ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে এ ধরনের পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..