• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ “আর্জেন্টিনা-মিশর” ম্যাচে নেওয়া দুটি সিদ্ধান্তই ফুটবলের আইন অনুযায়ী সঠিক ছিল মস্তিষ্কের সঠিক ব্যবহারই সম্ভাবনার চাবিকাঠি আর্জেন্টিনা শেষ পর্যন্ত লড়াই করে: মেসি ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাস গড়লেন মেসি নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার সিটিতে যুক্ত হচ্ছে সম্পূর্ণ কুতুবপুর, আংশিক ফতুল্লা-কাশীপুর-এনায়েতনগর ফতুল্লা মডেল থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

“আর্জেন্টিনা-মিশর” ম্যাচে নেওয়া দুটি সিদ্ধান্তই ফুটবলের আইন অনুযায়ী সঠিক ছিল

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিসর। দলটির কোচ হোসাম হাসান অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারি ও ভিএআর আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। এমনকি লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোর বিশ্লেষণে ভিন্ন মত দিয়েছেন ইংল্যান্ডের সাবেক প্রিমিয়ার লিগ রেফারি অ্যান্ডি ডেভিস। তার মতে, ম্যাচে নেওয়া দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ফুটবলের আইন অনুযায়ী সঠিক ছিল।

ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে সেই গোল বাতিল হয়ে যায়। রিপ্লেতে দেখা যায়, গোলের আক্রমণ তৈরির সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের জার্সি টেনে ধরেন এবং তার পায়ের ওপর পা রাখেন। এরপর ভিএআর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে মনিটরে গিয়ে ঘটনাটি পর্যালোচনার পরামর্শ দেয়। ভিডিও দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।

ডেভিস বলেন, ভিএআরের হস্তক্ষেপ ও গোল বাতিল—দুটোই নিয়ম অনুযায়ী সঠিক ছিল। তার ব্যাখ্যা, আত্তিয়ার ফাউলের কারণেই আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ হারায় এবং সেই আক্রমণ থেকেই মিশর গোল করে। ফুটবলের আইন অনুযায়ী, একই আক্রমণপর্বে সংঘটিত ফাউলের সরাসরি ফল হিসেবে গোল হলে সেটি বাতিল করতে হয়। তাই রেফারির সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে দুটি ঘটনায় পেনাল্টির দাবি তোলে মিশর। প্রথম ঘটনায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে হামদি ফাতির জার্সি টানার অভিযোগ ওঠে। দ্বিতীয় ঘটনায় মোহাম্মদ সালাহ দাবি করেন, পেনাল্টি বক্সে ঢোকার সময় হুলিয়ান আলভারেস তাকে ফাউল করেছেন। তবে দুই ক্ষেত্রেই রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং ভিএআরও সেই সিদ্ধান্ত বহাল রাখে।

ডেভিসের মতে, এই সিদ্ধান্তগুলোও সঠিক ছিল। তিনি বলেন, ম্যাক অ্যালিস্টারের জার্সি টানার ঘটনা ফাতির খেলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তাই সেটিকে পেনাল্টি দেওয়ার মতো গুরুতর ফাউল বলা যায় না। একইভাবে সালাহর ক্ষেত্রেও স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুই খেলোয়াড়ের স্বাভাবিক গতির কারণে বুটে সংস্পর্শ হয়েছিল, যা সবসময় ফাউল হিসেবে বিবেচিত হয় না।

সাবেক এই রেফারি আরও বলেন, মিসরের বাতিল হওয়া গোলের ঘটনা ও সালাহর পেনাল্টি দাবি এক নয়। প্রথম ঘটনায় ছিল সরাসরি ফাউল, আর দ্বিতীয় ঘটনায় ছিল খেলার স্বাভাবিক গতির মধ্যে হওয়া সংস্পর্শ। তাই ফুটবলের আইন অনুযায়ী রেফারির সিদ্ধান্তগুলো সঠিক ছিল বলেই মনে করেন তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..