আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি
আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক
/ ২৫
বার পঠিত
প্রকাশিত সময় :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
দিনগণনা শুরু হয়েছে বেশ আগেই। এখন শুধু অপেক্ষা। ৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে ফুরাবে সেই অপেক্ষা। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি।
তারপর!
তারপর কী হবে—সেসব নিয়ে ফুটবলপ্রেমীরা সম্ভবত এখনই ভাবছেন না। আপাতত সবার ভাবনায় মেসি এবং বেনিনের বিপক্ষে আর্জেন্টিনা দলের হয়ে তাঁর শেষ ম্যাচ। মেসি এই ম্যাচ সামনে রেখেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন এক ভিডিও। ভক্তরা সেই ভিডিও দেখে নিশ্চয়ই আবেগে ভেসে গেছেন!
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে দেখা যায় সোফার ওপর আর্জেন্টিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট রাখছেন মেসি। ডান পাশে হ্যাঙ্গারে ঝোলানো আর্জেন্টিনা দলে তাঁর ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেই জায়গায় নতুন একটি জার্সি রাখেন মেসি। নতুন ১০ নম্বর জার্সিটি মেসিরই, তবে দেখতে একটু অন্য রকম। ক্যাপশনে লেখা, ‘শেষ ম্যাচ…আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই…আজীবনের জন্য স্মারক এক পোশাক।’
আসল কথা হলো, এটাই আর্জেন্টিনা জাতীয় দলে মেসির শেষ ম্যাচের জার্সি। জাতীয় দলে কিংবদন্তির শেষ ম্যাচ বলেই জার্সিটি বিশেষভাবে বানানো হয়েছে। মেসির এই পোস্টে করতালির ইমো লিখে মন্তব্য করেন তাঁর একসময়ের বার্সেলোনা সতীর্থ ও বন্ধু নেইমার। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো মন্তব্য করেন সবার আগে, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’
আর্জেন্টিনার এই জার্সির নকশায় থাকছে ভিন্ন ছোঁয়া। মূল রং হিসেবে হালকা নীল, যার ঠিক মাঝখান দিয়ে লম্বালম্বিভাবে নেমে গেছে সাদা স্ট্রাইপ। জার্সির পেছনের অংশেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। খেলোয়াড়দের নাম এবং নম্বর লেখা সোনালি রঙে, বিশেষ শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে ‘সান অব মে।’
অধিনায়কের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ নকশার এই জার্সি বেছে নেওয়া হয়েছে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা দলকে বিদায় জানাবেন মেসি। তার আগে ৩০ সেপ্টেম্বর কর্ডোভায় বলিভিয়া এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।