নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন-২০২৬ সফল করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
সভায় মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘তোলারাম কলেজকে আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের প্রত্যেকের জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে। কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ।’
তিনি জানান, পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা, উপহার এবং সারাদিন চা-কফির ব্যবস্থা থাকবে। পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে তিনি গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পুনর্মিলনীর প্রচার-প্রচারণা উপকমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পুনর্মিলনী আয়োজন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, আয়োজন কমিটির সদস্য সচিব ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, স্মরণিকা উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, প্রচার-প্রচারণা উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, আয়োজক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং তোলারাম কলেজের সিনিয়র শিক্ষক মাহবুব আলম।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক আওসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য প্রণব রায়, সিনিয়র সদস্য সাইদুর রহমান, নাহিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও রফিকুল ইসলাম জীবন, সদস্য রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, রাকিব হাসান ও এমরান আলী সজিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক কবির হোসেন, জাগো নিউজের মোবাশ্বের শ্রাবণ, বাংলা ট্রিবিউনের হোসেন কনকসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বিপুলসংখ্যক সংবাদকর্মী।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর। নিবন্ধন ফি ১৮০০ টাকা।
আয়োজকদের প্রত্যাশা, এই পুনর্মিলনী কেবল একটি আনুষ্ঠানিক আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হয়ে উঠবে স্মৃতি, আবেগ, বন্ধুত্ব, ভালোবাসা ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা। দীর্ঘদিন পর কলেজজীবনের বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে পাবেন তাঁদের সোনালি দিনের স্মৃতি।