নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদিকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম আহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) রাতে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ও নির্যাতিতা শিশুটির পরিবার একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। রবিবার রাত ৮টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তের বাড়ির সামনে ভিড় জমান।
পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত জাকির ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত জাকিরকে ঘর থেকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে একটি ইটের টুকরো ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলমের মাথায় লাগে। এতে তিনি আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম জানান, ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মাথায় কিছুটা আঘাত পেয়েছি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটক করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।