নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে অ’স্ত্রের মুখে অন্তত ২৫ যাত্রীর টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী সিফাত পরিবহনের বাসটি ভুইগড়ে পৌঁছালে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাসে ওঠে। তারা চালকের বুকে ছুরি ধরে যাত্রীদের ভয় দেখিয়ে একে একে টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
পরে চালক বাসটি নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টারে নিয়ে গেলে যাত্রীরা বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশে খোঁজ নেয়।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, দুর্বৃত্তরা দেশি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।