• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম

গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) লাইন-২’ নামে নতুন একটি মেট্রো রেল প্রকল্প নেওয়া হচ্ছে, যা গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো লাইন রাজধানীর অন্যান্য মেট্রো রেলকেও সংযুক্ত করবে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। ব্যয়ের বড় জোগান দেবে বিশ্বব্যাংক। এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ঋণ দিতে সম্মত হয়েছে।
চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথমে কাজ শুরু করে ২০৩০ সাল নাগাদ এই রুটে মেট্রো রেল চলাচল শুরুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
দৈনিক সমকালের এক প্রতিবেদনে জানা গেছে, মেট্রো রেল লাইন-২ প্রকল্পের স্টেশন হবে ২৪টি। প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার। পাতাল ও উড়াল দুই ধরনের রুট থাকবে।
প্রকল্পের সমীক্ষার জন্য গাবতলী থেকে ডেমরা এবং গাবতলী থেকে ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের মতামত অনুযায়ী, প্রকল্পের রুট বিন্যাসে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করে গত মে মাসে পিডিপিপি করা হয়।
পরিকল্পনায় গাবতলী থেকে নারায়ণঞ্জের তারাবো পর্যন্ত চলাচল করার কথা রয়েছে। মাঝখানের স্টেশনের মধ্যে রয়েছে– ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি, বাসস্ট্যান্ড, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরা। এ ছাড়া গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত এর একটি শাখা লাইন নিয়ে যাওয়ারও প্রস্তাব রয়েছে।
জানা গেছে, প্রকল্পটি পরবর্তী সময় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনাও রয়েছে। যাত্রীদের সুবিধার্থে এমআরটি লাইন-২-এর সঙ্গে অন্যান্য মেট্রো লাইনের সংযোগ থাকবে। গাবতলী অংশে এমআরটি-৫ (উত্তর ও দক্ষিণ), কমলাপুর অংশে এমআরটি-১, ৪ ও ৬ এবং সাইনবোর্ড স্টেশনে এমআরটি-৪-কে সংযুক্ত করবে।
অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পের রুট বিন্যাস নীতিগত অনুমোদনের জন্য গত বছর ৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ভৌত অবকাঠামো বিভাগ ও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল। তবে গত ২৫ জানুয়ারি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ থেকে মেট্রো লাইন-২ প্রকল্পটি আপাতত স্থগিত রাখার কথা জানানো হয়। নতুন মেট্রোরেল প্রকল্প শুরু করার আগে ঢাকার সম্পূর্ণ মেট্রোরেল নেটওয়ার্ক বাস্তবায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল তখন।
এ কারণে গত অর্থবছর সব মেট্রোরেলের বরাদ্দ কমানো হয়েছিল।

বর্তমান সরকার মেট্রোরেলের সব প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মেট্রোরেলের জন্য বড় আকারে বরাদ্দ বাড়ানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..