• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম

বক্তাবলী ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপায় নিহত ১

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফতুল্লায় বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ফেরিঘাটের বেহাল সড়ক ও নিরাপত্তাহীনতার কারণে বারবার দুর্ঘটনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিহত আশরাফ হোসেন আসাদ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধলেশ্বরী নদী পারাপারের জন্য চালু থাকা ফেরির উভয় তীরের সংযোগ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। ফেরিতে ওঠার পথ উঁচু-নিচু ও ভাঙাচোরা হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

সোমবার সকালে প্রথমে একটি ট্রাক ফেরিতে ওঠে। পরে আরেকটি ট্রাক ফেরিতে ওঠার সময় আশরাফ হোসেন আসাদ যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে ফেরিতে উঠলে তিনি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ফেরিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের বেহাল সড়ক ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে ফেরিঘাটের কাছে ট্রাকচাপায় আখের রস বিক্রেতার মাদ্রাসাপড়ুয়া শিশু সন্তান নিহত হয়। এ ছাড়া ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় কয়েকটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তারা।

স্থানীয়রা দ্রুত ফেরিতে ওঠার সংযোগ সড়ক মেরামতের পাশাপাশি যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় এসব দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আন্দোলনে নামতে পারেন বলেও জানিয়েছেন তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..