নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা এক ব্যক্তির ভাড়া ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অন্যদিকে সন্দেহভাজন হাকিম মোল্লা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে বাড়ির মালিকের ছেলে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপও পাওয়া গেছে।
নিহত নাদিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বুধবার (১৪ অক্টোবর) সকাল সাতটার দিকে কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ঘর থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ভাড়াটে হিসেবে থাকতেন নড়াইলের বাসিন্দা হাকিম মোল্লা। নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী খাদিজাকে তাঁর বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ওসি আরও বলেন, নাদিমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।