দীর্ঘ রাজনৈতিক পথচলায় কারাবাস, নানা প্রতিকূলতা ও ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন পেরিয়ে এখন দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূলের রাজনীতি থেকে দলের শীর্ষ নেতৃত্ব এবং সেখান থেকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর এই পথচলায় এসেছে নানা উত্থান-পতন। আজ ২০ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তিনি।
তারেক রহমানের শৈশব কেটেছে সাধারণ ও সাদামাটা পরিবেশে। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনে রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক বিভিন্ন চিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক তত্ত্বের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি।
মায়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিও তাঁকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে। ১৯৮৮ সালে পিতার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন।
১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। তাঁর ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে এরশাদবিরোধী আন্দোলনে তারেক রহমান ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানের সাংগঠনিক পরিকল্পনা ও কৌশলী ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ২০০২ সালে তাঁকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। এরপর ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করে দলের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তারেক রহমান তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করেছেন এবং তরুণ ও যুবসমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল। তাঁর মতে, দলের জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের জনপ্রিয়তাও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে ২০০৭ সালের মার্চে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর তাঁর রাজনৈতিক জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। প্রায় ১৮ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। এরপর শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন। এ সময় মা বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন থাকার পাশাপাশি ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারান। ভাইয়ের শেষ বিদায়ে উপস্থিত থাকতে না পারার বেদনাও বহন করতে হয়েছে তাঁকে।
২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন। তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বিএনপির রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি। দলকে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন। তাঁর নেতৃত্বে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। পরে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের জীবনযাপনও আলোচনায় এসেছে। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ, দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতার মতো বিষয়গুলোকে তাঁর দায়িত্বশীল জীবনাচরণের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। রাজনৈতিক দর্শনে তিনি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশের ধারণার কথা বলেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।
এদিকে জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নির্বাসিত জীবন শেষে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা তারেক রহমানের সামনে এখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ। তাঁর নেতৃত্বে আগামী দিনে দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামো কোন পথে এগোয়, তা পর্যবেক্ষণে রাখবেন দেশের মানুষ।