অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সহকারী আইনজীবী।
তার পরিবার খোকন সাহার মরদেহ ঢাকায় দাহ করার ব্যবস্থা করেছে। নারায়ণগঞ্জে তার মরদেহ আনা হবে না বলে জানা গেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় (Electrolyte Imbalance) আক্রান্ত হওয়ার পর সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তাকে মহাখালীর হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।