আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ ক্ষেত্রে সরকারকে একটি শর্ত পূরণ করতে হবে। দলটির শর্ত, সরকারকে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবে দলটি।
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না, সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, তাঁর মন্ত্রিসভায় থাকা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। তাঁর দাবি, এসব নেতাকর্মীই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তবে এখনই সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছে না জামায়াত। দলটি চায়, সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।
গণভোটের রায় প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও তা টেকসই হয় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই ওই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দলের সম্মিলিতভাবে তা পাস করা উচিত।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতারা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম বক্তব্য দেন। বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
সমাবেশের সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং জনগণ আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে রাজপথে নামবে।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।