নারায়নগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। তিনি জানান, জাহাঙ্গীরকে রোববার অসুস্থ অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
কারা সূত্র জানায়, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারাগারের সুপার আরও জানান, ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।