• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম কমল, অপরিবর্তিত রুপার দাম নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা খোকনসহ ০৩ জন ডাকাত গ্রেফতার সাদপন্থিরা আর টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবেন নাঃ মুহিববুল্লাহ বাবুনগরী তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক বিদ্যুৎ-এর পথচলা সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর সিদ্ধিরগঞ্জে এসও ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে আগুন ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু তিন শিশু’র কবি ও সাংবাদিক সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নিউ ইয়র্কের আর্চবিশপ রোনাল্ড হিকস। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় ১ হাজার ৩০০ জনকে ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গির্জার প্রশাসনিক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও দর-কষাকষির পর এ সমঝোতা হয়েছে। এতে প্রত্যেক ভুক্তভোগী অন্তত ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন। নিপীড়নের মাত্রার ওপর নির্ভর করে কেউ কেউ আরো বেশি অর্থ পেতে পারেন।

বিষয়টি প্রথম প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করা প্রায় ১ হাজার ৩০০ জন এই সমঝোতার আওতায় ক্ষতিপূরণ পাবেন।

আর্চডায়োসিসের সংবাদমাধ্যমে প্রকাশিত এক ইমেইলে যাজকদের উদ্দেশে দেওয়া বার্তায় নিউইয়র্কের আর্চবিশপ বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে নিপীড়নের শিকার ব্যক্তিদের কিছুটা হলেও মানসিক স্বস্তি ও পুনর্মিলনের সুযোগ করে দিতে পারব।’

তিনি আরো বলেন, এই সমঝোতার ফলে আর্চডায়োসিস আবারও সুসমাচার প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অপরিচিতদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানের কাজে পুরো মনোযোগ দিতে পারবে।

এ ধরনের সমঝোতার মধ্যে এটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসের আর্চডায়োসিস যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ৮৮ কোটি ডলারের সমঝোতা করেছিল।

ক্যাথলিক গির্জার বিরুদ্ধে নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক হাজারের বেশি অভিযোগ দায়ের করা ব্যক্তিদের আইনজীবী জেফ অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেন, ‘নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ভুক্তভোগীদের সর্বসম্মত সম্মতি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

তিনি আরো বলেন, ভুক্তভোগীদের সাহস, ত্যাগ ও দৃঢ় সংকল্পের ফলে দায়বদ্ধতা নিশ্চিত করার পথে একটি অর্থবহ অগ্রগতি হয়েছে।

যৌন নিপীড়ন নিয়ে দীর্ঘদিনের কেলেঙ্কারি

এই সমঝোতার মধ্য দিয়ে বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে কয়েক বছর ধরে চলা আলোচনা শেষ হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জা ২০০০-এর দশকের শুরুর দিক থেকে যৌন নিপীড়নসংক্রান্ত একের পর এক কেলেঙ্কারির মুখে রয়েছে।

২০০০-এর দশকে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে ক্যাথলিক যাজকদের হাতে হাজারো শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসব ঘটনায় গির্জার নেতাদের অনেকেই অভিযোগ ধামাচাপা দিয়েছেন বলে অনুসন্ধানে উঠে আসে। কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্ত যাজকদের দেওয়ানি কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য জায়গায় বদলি করা হয়েছিল।

এরপর দেশটির বিভিন্ন অঞ্চলের গির্জা প্রশাসনকে ক্ষতিপূরণ হিসেবে শত শত কোটি ডলার দিতে হয়েছে। আদালতে দীর্ঘ বিচারপ্রক্রিয়া এড়াতে নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার কর্মসূচিও চালু করা হয়েছে।

এ বছরের জুনে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস জানায়, তাদের যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় ৫৩০ জনের করা মামলা নিষ্পত্তি করতে তারা ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে।

সুত্রঃ আলজাজিরা


এই ক্যাটাগরীর আরো খবর..