• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • Bangla Converter

ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার দেয়াল, টিনের চাল, দরজা-জানালা উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের বাড়িঘরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ে অবস্থিত হলি ফেব্রিক্স নামে একটি ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন মামুন (২৩) ও আশরাফুল আলম (৩৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের শব্দে পুরো সস্তাপুর এলাকা কেঁপে ওঠে। কারখানার চারপাশের দেয়াল, টিনের চাল, দরজা-জানালা ছিটকে যায়। বয়লারের একটি ভারী লোহার প্লেট উড়ে পাশের আটতলা একটি গার্মেন্টস ভবনের ওপর দিয়ে প্রায় এক হাজার গজ দূরে মাসুম মিয়ার আধাপাকা ঘরের চালে গিয়ে পড়ে। এতে ঘরটির ব্যাপক ক্ষতি হয়। এছাড়া আশপাশের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সস্তাপুর গাবতলা এলাকায় জুট ও কাঁচা গাছ পুড়িয়ে অন্তত তিনটি ডাইং কারখানায় বয়লার চালানো হয়। এসব কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। অতীতে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও কারখানাগুলো বন্ধ হয়নি। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় বলে দাবি তাদের।

কারখানার অংশীদার রেজাউল বলেন, নতুন একটি বয়লার পরীক্ষামূলকভাবে চালানোর সময় আগুন আটকে গিয়ে চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত দুই শ্রমিকের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..