• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • Bangla Converter

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয় সূত্র ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন তারা।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আশপাশের স্টেশন থেকেও আরও ইউনিট যোগ দেয়।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এদিকে আগুনের তথ্য সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা ইপিজেডে গেলেও তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি বেপজা কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরীর আরো খবর..