• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • Bangla Converter

ইংল্যান্ড ম্যাচের স্মৃতি; ডাগআউটে আর্জেন্টিনার কোচদের

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ও ইংল্যান্ড—বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী প্রতিপক্ষ। বহু স্মরণীয় লড়াই ও বিতর্কের সাক্ষী এই দুই দলের দেখা হয়েছে অসংখ্যবার। তবে দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে তারা। বুধবার রাতে আটলান্টায় সেমিফাইনালে জয় পেলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৫ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। আর্জেন্টিনার বর্তমান কোচিং স্টাফের তিন গুরুত্বপূর্ণ সদস্য ওই ম্যাচের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। রক্ষণভাগে খেলেছিলেন ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালা, আর বেঞ্চে ছিলেন বর্তমান প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনির জীবনীকার দিয়েগো বোরিনস্কির মতে, ওই ম্যাচের পরই তৎকালীন কোচ হোসে পেকেরম্যান উপলব্ধি করেন যে ডান প্রান্তে হাভিয়ের জানেত্তির বিকল্প হিসেবে স্কালোনিকে আরও গুরুত্ব দেওয়া উচিত। দুই দশকেরও বেশি সময় পর সেই স্কালোনিই এখন আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপের মঞ্চে।

বর্তমান আর্জেন্টিনা কোচিং স্টাফে স্কালোনির সঙ্গে রয়েছেন স্যামুয়েল, আয়ালা ও পাবলো আইমার। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, মানবিক সম্পর্ক এবং খেলাটিকে উপভোগ করার দর্শনের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে তাদের এই দলগত সংস্কৃতি। অনেকের মতে, চার বন্ধুর এই রসায়নই আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম ভিত্তি।

অন্যদিকে, লিওনেল মেসির সঙ্গে ইংল্যান্ডের ইতিহাসটা বেশ অদ্ভুত। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। কিন্তু বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৪৩ সেকেন্ড পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই নিষেধাজ্ঞার কারণেই কয়েক মাস পর জেনেভায় ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে দলে থাকলেও খেলতে পারেননি তিনি।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে আর কখনো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি মেসির। ফলে প্রায় দুই দশক পর, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। ডাগআউটে স্যামুয়েল-আয়ালাদের উপস্থিতি আর মাঠে মেসির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় আর্জেন্টিনা।


এই ক্যাটাগরীর আরো খবর..