রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। এ বিষয়ে সংবাদ পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।
তিনি জানান, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেসব যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছেন বলে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা আরও কোনো কর্মকাণ্ড করেছেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও যাচাই করা হবে।
ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা বলতে পারছেন না।
তিনি আরও বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য তাদের থানায় নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়া নেওয়া হবে।
সাংবাদিক বা অন্য কোনো পেশার মানুষ সেখানে আটক হয়েছেন কি না জানতে চাইলে ডিসি হারুন বলেন, সেখানে সাংবাদিকসহ অন্য কোনো পেশার মানুষ আছেন কি না, পুরো বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।