নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তেই সে আগুনের ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে পরবর্তীতে জানানো হবে।