সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে ২জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
শনিবারের এ হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। তাঁর দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার পর বিমানবন্দরের ভেতরে আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখা যায়। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।
এদিকে, রিয়াদে হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। পরে রাজধানীর দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে জোট।