দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,৯৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি অক্টোবরের প্রথম ৮ দিনে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু এবং ১৪ হাজার ৫৩১ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রামে ২৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, খুলনায় ২৯২ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ২০৬ জন, রংপুরে ৬৪ জন এবং সিলেটে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ১৫১ জনে দাঁড়িয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯৪ জনের।
মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।