এবার এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক প্রবাসীর সাথে এই ঘটনা ঘটে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেট কারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, তাঁর বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো তাঁর মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।