নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. স্বাধীন (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ উত্তরপাড়া ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে।
নিহত স্বাধীন নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার ছেলে। তিনি একই এলাকার মো. সেলিম মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন এবং নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় কর্মরত ছিলেন।
স্বাধীনের মামা জাকির হোসেন জানান, আজ স্বাধীন কর্মস্থলে যাননি। দুপুরে ছোট ভাইকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। তিনি অল্প সাঁতার জানতেন। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে পড়ে তলিয়ে যান।
পরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল আলম দুলাল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। একই সঙ্গে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে যান। বিকেল ৪টার দিকে অভিযান শুরু করে প্রায় ২০ মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়।