ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
মৃত্যুদণ্ড পাওয়া মো. মোক্তার আলী (৪৭) নারায়ণগঞ্জ সদরের গোগনগর বাড়িরটেক এলাকার প্রয়াত মোকসেদ আলীর ছেলে।
মামলার বরাতে আব্দুস সামাদ বলেন, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে নিজ বাসায় খুন হন ফাতেমা আক্তার রেখা (৪৫)। পরদিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে তার মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পরে এ ঘটনায় রেখার মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, পরে মোক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসঙ্গে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাক্ষ্য গ্রহণ শেষ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক।