সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার মিজি মেনশনের পশ্চিম পাশে একটি তেঁতুলগাছের শিকড়ের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। একই সময় নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজির হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মো. মনির হোসেন, এএসআই এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। অভিযানে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।