নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুবায়ের আহমেদ ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই তরুণী তার স্বামীর সঙ্গে জুবায়েরদের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার স্বামী কর্মস্থলে ছিলেন। এ সময় বাড়িতে জুবায়ের ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফাঁকা থাকার সুযোগে জুবায়ের ওই তরুণীর মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতে অভিযান চালায় পুলিশ। পরে রাত ১টার দিকে এসআরবির সহায়তায় জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।