• বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • Bangla Converter

বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু নারায়ণগঞ্জে

ন. ই. সুজন / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জনবান্ধব, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’। এবারের মেলার প্রতিপাদ্য— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’

মঙ্গলবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। এর আগে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেন্দ্রীয় উদ্বোধনের পর নারায়ণগঞ্জ ভেন্যুতে বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে মেলার সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকদের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে। এছাড়া মেলা প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের মতো নানা শিক্ষণীয় ও সচেতনতামূলক আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..