• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
  • Bangla Converter

নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পুড়িয়া গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৬টার দিকে ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী আমেনা বেগম (২০)। তাঁরা ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকার জনৈক আরিফের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিল্লাল হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সোহরাব খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বাঁশমুলি এলাকায় বিল্লাল হোসেনের ভাড়াকৃত শয়ন কক্ষে হানা দেয়। এ সময় ঘর তল্লাশি করে ১৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার কাগজসহ মোট ওজন ৭ কেজি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়ায় থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..