নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ১ কোটি ১৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের অনুকূলে এ অনুদান প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে।
সড়ক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এই অনুদানও তাদের শোক বা বেদনা দূর করতে পারবে না।
অনুষ্ঠানে উপস্থিত পরিবারগুলোর সদস্যরা সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্ঘটনায় স্বজন হারানোর কষ্ট কখনও পূরণ হওয়ার নয়, তবে এই আর্থিক সহায়তা তাদের কঠিন সময়ে কিছুটা হলেও সহায়ক হবে।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন এবং আর্থিক সহায়তার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোট ২৮টি পরিবারের মাঝে ১ কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।