• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • Bangla Converter

ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল দলের সমর্থক। একই এলাকায় তার সঙ্গে আরও কয়েকজন ব্রাজিল সমর্থক রয়েছেন। অন্যদিকে জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব আর্জেন্টিনা দলের সমর্থক এবং তার সঙ্গে একই দলের সমর্থকদের একটি গ্রুপ রয়েছে।

স্থানীয়দের দাবি, এর আগে এক ম্যাচে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনা সমর্থকেরা উল্লাস করেন। পরে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা হেরে গেলে ব্রাজিল সমর্থকেরাও আনন্দ প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং বিস্ফোরণের ঘটনাও ঘটে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পাশাপাশি কয়েকজন নারীসহ একাধিক ব্যক্তি মারধরের শিকার হন। তবে লুটপাট ও বিস্ফোরণের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তীতে এলাকার আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িতরা অধিকাংশই কিশোর বয়সী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরীর আরো খবর..