• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
  • Bangla Converter

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
ছবিঃ ওসমান গনি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার মেয়ের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গণির ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..